ভাসানচরে পৌঁছালেন আরও ২৯৮২ রোহিঙ্গা - Southeast Asia Journal

ভাসানচরে পৌঁছালেন আরও ২৯৮২ রোহিঙ্গা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দ্বাদশ দফায় আরও দুই হাজার ৯৮২ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নৌবাহিনীর সাতটি জাহাজে তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপ-সচিব) মো. মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন আসা রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাড়িতে করে নির্ধারিত ক্লাস্টারে পৌঁছে দেওয়া হয়েছে।

মোয়াজ্জেম হোসেন জানান, ভাসানচরে এখন রোহিঙ্গা সংখ্যা ২৫ হাজার ৫৮৪ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, ২০২১ সালের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন, সপ্তম দফায় ২৫ নভেম্বর ৩৭৯ জন, অষ্টম দফায় ১৮ ডিসেম্বর ৫৫২ জন, নবম দফায় চলতি বছরের ৬ জানুয়ারি ৭০৫ জন, দশম দফায় ৩১ জানুয়ারি এক হাজার ২৮৭ জন ও গত ১৬ ফেব্রুয়ারি একাদশ দফায় এক হাজার ৬৫৫ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া গত বছরের মে মাসে সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে ভাসানচরে নিয়ে রাখা হয়েছে।