১৯৭১ সাল থেকে পাকিস্তানে বন্দী সেনা কর্মকর্তাদের ফেরাতে সরকারের পদক্ষেপ চেয়েছেন ভারতের আদালত
![]()
নিউজ ডেস্ক
১৯৭১ সালে যুদ্ধের সময় থেকে পাকিস্তানের কারাগারে আটক ভারতের ৫৪ সেনা কর্মকর্তাকে ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের উদ্যোগ চেয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। গত বুধবার ভারতের সর্বোচ্চ আদালতে এ-সংক্রান্ত একটি আবেদনের শুনানি হয়।
ভারতের যেসব সেনা কর্মকর্তা পাকিস্তানে আটক রয়েছেন, তাঁদের একজন মেজর কানওয়ালজিত সিং। তিনিসহ বাকিদের ভারতে ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ চেয়ে আদালতে ওই আবেদন করেন মেজর সিংয়ের স্ত্রী জাসবির কৌর। এসব যুদ্ধবন্দীর অধিকার রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেন ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে পদক্ষেপ চেয়েছেন তিনি।
এ ছাড়া ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন সৌরভ কালিয়া। পাকিস্তানি বাহিনীর হাতে আটক হওয়ার পর চার সেনাসহ তাঁকে হত্যা করা হয়। পরে তাঁদের মরদেহ ফেরত দেওয়া হয়। এই ঘটনা তদন্তের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে জাসবির কৌরের আবেদনে।
বুধবার বিষয়গুলো উত্থাপন করা হলে আদালত বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়’ এবং তিন সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী শুনানি হবে।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচৌদ ও সুরিয়া কান্তের বেঞ্চে এই শুনানি হয়। পাকিস্তানে আটক ওই সেনাদের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন নমিত সাক্সেনা ও মনিশ ভাটনাগার।
মেজর সিংয়ের স্ত্রী জাসবির কৌরের বয়স এখন ৬৯ বছর। তিনি বিগত ৫০ বছর ধরে স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। ধারণা করা হচ্ছে, মেজর সিংয়ের বয়স এখন ৮০ বছর। আদালতে করা জাসবিরের আবেদনে বলা হয়েছে, মেজর সিংয়ের জন্য তাঁর পরিবার সারা জীবন অপেক্ষা করল। তাঁর মেয়ে বেড়ে উঠল বাবার উপস্থিতি ছাড়া। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দী বিনিময়ের ব্যবস্থা করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।