বান্দরবানে মাদক মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড - Southeast Asia Journal

বান্দরবানে মাদক মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানে মাদক মামলায় নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ আজ বুধবার এ রায় দেন।

যাবজ্জীবন সাজা পাওয়া নুর মোহাম্মদ (২৩) উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তাঁকে ২০২০ সালের ১৪ ডিসেম্বর ৯ হাজার ৫০০টি ইয়াবা বড়িসহ নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

আদালত সূত্র জানায়, বেলা সাড়ে ১১টায় নুর মোহাম্মদকে কারাগার থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। সরকারি কৌঁসুলি ও আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু হানিফ মামলার রায় ঘোষণা করেন।

মামলার রায়ে বলা হয়, গত ২৩ জানুয়ারি নুর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এ জন্য তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাংলাদেশ-মিয়ানমারের মৈত্রী সড়ক থেকে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে নীল প্যাকেটে ৯ হাজার ৫০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি পলাতক আসামি মো. সুলতানের কাছ থেকে ইয়াবা বড়িগুলো কিনেছেন বলে স্বীকার করেছেন। নুর মোহাম্মদ মিয়ানমারের নাগরিক। তিনি উখিয়া বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের বসবাস করেন। তাঁর বাবার নাম তবারক আলী।

You may have missed