রাঙামাটিতে উপজাতি দৃষ্টিহীনদের চোখের ছানি অপারেশন করে অনন্য দৃষ্টান্ত সেনাবাহিনীর
![]()
নিউজ ডেস্ক
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের মূলমন্ত্রকে ধারন করে সন্ত্রাস দমনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সুদীর্ঘকাল ধরেই জনসাধারণের কল্যানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার রাঙামাটির বিলাইছড়িতে সেনাবাহনীর বিলাইছড়ি জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় দৃষ্টিহীন উপজাতি সাধারণ হত-দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পরিচালনা করলো চোখের ছানি অপারেশন কার্যক্রম।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ অপারেশন কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনীর সদস্যরা। কার্যক্রমের অংশ হিসেবে বিলাইছড়ি জোনের মেডিক্যাল অফিসার কর্তৃক দুর্গম পাহাড়ী এলাকার বিভিন্ন পাড়ায় বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং চোখে ছানি পড়া রোগী নির্বাচন করা হয়।
নিবার্চিত রোগীর মধ্য হতে উপজেলার ফারুয়া, বাঙ্গালকাটা এবং বিলাইছড়ি দেবারমাথা হতে সর্বমোট ৪ জন উপজাতি (৩ জন পুরুষ এবং ১ জন মহিলা)কে সম্পূর্ণ জোনের অর্থায়নে প্রাথমিক পর্যায়ে তাদের চোখের ছানির সফল অপারেশন এর ব্যবস্থা করা হয়।

জানা যায়, বিলাইছড়ি জোন কর্তৃক উক্ত রোগীদের নিজ বাড়ী থেকে জোনের ব্যবস্থাপনায় নিয়ে এসে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জোন কর্তৃক সকল সাহায্য-সহযোগিতা দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চোখের অপারেশন শেষে আবার তাদের বিলাইছড়িতে নিয়ে আসা হয়।
ডাক্তারী পরীক্ষা শেষে তারা সকলেই বর্তমানে সুস্থ এবং তাদের চোখের আলো ফিরে আসার মাধ্যমে তারা সকলেই আজ এই সুন্দর পৃথিবীর আলো নতুন করে দেখার সৌভাগ্য হয়েছে বলেও জানা যায়।
বিলাইছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব জানিয়েছেন, বিলাইছড়ি জোনের এসব মহতি উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।