পার্বত্য চট্টগ্রাম হবে সম্পদশালী এলাকা- পার্বত্য মন্ত্রী - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রাম হবে সম্পদশালী এলাকা- পার্বত্য মন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের এক ইঞ্চি জায়গা খালি থাকবে না। পাহাড়ে এখন দেশ-বিদেশী সব ধরনের ফল-ফলাদী ও সবজি উৎপাদিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম দেশের জন্য বোঝা হবে না, পার্বত্য চট্টগ্রাম হবে সম্পদশালী এলাকা।’

মঙ্গলবার বেলা ১২টার দিকে খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।

এর আগে মন্ত্রী রামগড়ের মহামুনী বৌদ্ধ বিহার অনাথাশ্রম নির্মাণ কাজ পরিদর্শন ও রামগড় বাজারে সুলতান স্মৃতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া, জিওবির অর্থায়নে ইউএনডিপি ও জেলা পরিষদের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন রামগড়ের পাতাছড়ার থলিবাড়ীতে কাজু বাদাম ও কপি বাগানের প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল, সরকারি পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।