রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু - Southeast Asia Journal

রাঙামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম গভীর চাকমা (৩)। সে দুমদুম্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অনিল চাকমার ছেলে। সোমবার (২৩ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক অনন্যা চাকমা। এর আগে রবিবার (২২ জানুয়ারি) রাতে শিশুটির মৃত্যু হয়।

অনন্যা চাকমা বলেন, ‘ম্যালেরিয়ায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। শিশুটি দীর্ঘদিন ভারতের বগাখালীতে থাকতো। সেখান থেকে জ্বরে আক্রান্ত হয়ে দেশে আসার পর পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়। শনিবার চিকিৎসা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে শিশুটি মারা যায়।’

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, উপজেলায় গত নভেম্বর মাসে ৮৫ ও ডিসেম্বর মাসে ৮৫ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এর মধ্যে সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়নে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি।

স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী হওয়ায় জুরাছড়ি উপজেলার মানুষজন ভারতের বগাখালীতে আসা-যাওয়া করেন। সেখানে গিয়ে কয়েকদিন আগে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। তবে দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় সময়মতো চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা যায় না। ফলে কেউ অসুস্থ হলে সময়তো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা যায় না।

বিলাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত নভেম্বরে ৩২ ও ডিসেম্বরে ২০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হন। এর মধ্যে উপজেলার দুর্গম সীমান্তবর্তী ইউনিয়ন ফারুয়া ও বড়থলিতে রোগীর সংখ্যা বেশি। দুর্গম ও সীমান্তবর্তী হওয়ায় সরকারি চিকিৎসা পাওয়া কষ্টকর। পাশাপাশি সচেতনতার অভাবে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত দুই মাসে উপজেলার লোকজন জ্বর ও কাঁশির চিকিৎসা নিতে কমিউনিটি ক্লিনিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যকর্মীদের কাছে চিকিৎসা নিতে এলে পরীক্ষায় ম্যালেরিয়া শনাক্ত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মূলত বর্ষা মৌসুমে জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়িতে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়ে যায়। কিন্তু এবার বর্ষা মৌসুমের আগেই ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েছে।

ব্র্যাক বিনামূল্যে যেসব মশারি দিয়েছিল তার কার্যকারিতা কমে যাওয়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেড়েছে বলে মনে করছেন জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। তিনি বলেন, ‘একটি মশারির কার্যকারিতা থাকে তিন বছর। এ বছর নতুন করে মশারি দেওয়া হলে আগামী বছর রোগীর সংখ্যা কমবে।’

দীঘিনালায় শিশুদের ডায়রিয়া কমছে না
এদিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শিশুদের ডায়রিয়া কমছে না। গত রোববার উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১০ শয্যার এ হাসপাতালে শয্যাসংকটের কারণে মেঝেতে রেখেই বেশির ভাগ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি ১১ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পাঁচ শিশু সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়। এরপর হাসপাতালে আরও তিন শিশুকে ভর্তি করা হয়।

মেঝেতে থেকে চিকিৎসা নেওয়া উপজেলার উত্তর মিলনপুর গ্রামের শিশু মো. মাহিদের (৩) মা মালেকা বানু বলেন, ‘আমার সন্তান চার দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত। বাড়িতে ওষুধ খাওয়ানোর পরও না কমায় আজ সকালে হাসপাতালে এনে ভর্তি করিয়েছি। হাসপাতালে শয্যা না পাওয়ায় মেঝেতে থেকে চিকিৎসা করাচ্ছি।’

মেঝেতে থেকে চিকিৎসা নেওয়া কবাখালী মুসলিমপাড়া গ্রামের ১৪ মাস বয়সী শিশু সাইদুল ইসলামের মা আমেনা খাতুন বলেন, ‘পাঁচ দিন ধরে আমার ছেলে পাতলা পায়খানা করছে। অনেক ওষুধ খাইয়েছি, কিন্তু কমেনি। সোমবার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করিয়েছি। স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাও খালি নেই, তাই মেঝেতে থাকতে হচ্ছে।’

হাসপাতালের অন্তর্বিভাগের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ নার্স হেলি চাকমা বলেন, ১৩ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত অন্তর্বিভাগে ২৫ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে গত রোববার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চংড়াছড়ি এলাকার জুবায়ের আহমেদ নামের ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে। শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। ওই দিন আরেক শিশুকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।

জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সুজাতা তালুকদার বলেন, গত ১০ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২০ শিশু জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে শতাধিক শিশু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (এমও) সুস্মিতা বিশ্বাস বলেন, ঋতু ও আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। শিশুদের মায়েরা সচেতন হলে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত কম হবে। শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় ও উষ্ণতায় রাখতে হবে। ঠান্ডা, বাসি খাবার কোনোভাবেই খাওয়ানো যাবে না। শিশুদের ডায়রিয়ার টিকা দিলে শিশুরা আক্রান্ত কম হবে বলে জানান তিনি।

এর আগে ১ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে ৪৯ জন, জরুরি বিভাগে ৪৬ জন ও বহির্বিভাগে দেড় শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে।

You may have missed