থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিঃস্ব অর্ধশত ব্যবসায়ী
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের থানচি উপজেলায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৫টি দোকান পুড়ে গেছে। ফলে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নি:স্ব হয়ে পড়েছে প্রায় অর্ধশত ব্যবসায়ী।
শনিবার (২৫ মার্চ) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ প্রচেষ্টায় প্রায় ২ ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. ইসমাইল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, থানচি বাজারের টিএন্ডটি পাড়ার একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়। এসময় থানচি বাজারে ৫৫টি দোকান পুড়ে যায় পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাযায়নি।
উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা জানান, বাজারের দক্ষিণ কোনায় আগুনের সুত্রপাত হয়। তবে অগ্নিকান্ডে বাজারের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এতে ব্যবসায়িরা নি:স্ব হয়ে পড়েছে।
এসময় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান অগ্নিকাণ্ডের এলাকা পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সমবেদনা জানান।
ঘটনার পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো: আবুল মনসুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য যে,গত ২৩ মার্চ থানচির বলিপাড়া ইউনিয়নের বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে প্রায় ৬০-৭৫টি দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
প্রসঙ্গত,২০২০ সালের ২৭ এপ্রিল থানচি বাজারে আগুনে ২শটি দোকান পুড়ে অন্তত ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এর পূর্বে ২০০৯ সালের টিক রমজানের প্রথম সপ্তাহে ১৮০টি দোকান পুড়ে যায়।