নাইক্ষ্যংছড়িতে মানবিক সহায়তা ও কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ করল বিজিবি - Southeast Asia Journal

নাইক্ষ্যংছড়িতে মানবিক সহায়তা ও কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ করল বিজিবি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে শুরু থেকেই পাহাড়ি জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক স্থানীয় দুস্থ ও অসহায়দের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান, শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান, সমাপ্তকৃত কম্পিউটার কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ এবং নতুন কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় জোন সদরে এসব মানবিক সহায়তা ও কম্পিউটার কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তি এবং কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেন।

এসময় জোনের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান সহ বিজিবি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ এবং সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, এদিন নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত ১১ জন গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। ৩৬ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর করা হয়। নাইক্ষ্যংছড়ি জোনের উদ্যোগে পরিচালিত বিনামূল্যে অত্র এলাকার গরীব ও বেকার ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ৩ মাস ব্যাপী সমাপ্তকৃত কম্পিউটার প্রশিক্ষণ-১/২০২৩ এর শিক্ষার্থীদের নিকট সনদপত্র বিতরণ করা হয় এবং নতুন করে ১০ জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণ-২/২০২৩ এর উদ্বোধন করা হয়, যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম জানিয়েছেন, অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে।

You may have missed