ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে কেএনএফ - Southeast Asia Journal

ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার ৪ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে কেএনএফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলায় কেওক্রাডং থেকে ফেরার পথে পাইন্দু ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উহ্লামং মারমাকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা তুলে নিয়ে যাওয়ার চার ঘণ্টা পর ছেড়ে দিয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে খবর আসে। চার ঘণ্টা আগে বিকালে রুমা বগালেক সড়কে হারমনপাড়ার ৪ নম্বর কালভার্ট এলাকা থেকে চেয়ারম্যানকে অপহরণ করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান জানান, বিকালে উহ্লামং মারমাকে অপহরণ করা হয়। সন্ত্রাসীরা ছেড়ে দেওয়ার পর চেয়ারম্যান নিজ বাড়িতে ফিরেছেন। তবে ছাড়া পাওয়ার জন্য মুক্তিপণ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

উহ্লামং মারমা পাইন্দু ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চান্দাপাড়ার বাসিন্দা। তিনি ১ নম্বর পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান।

রুমা জিপ মালিক সমিতির লাইনম্যান নিজাম উদ্দিন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জিপচালকের বরাতে জানান, সকালে বেসরকারি সংস্থা লীন প্রজেক্টের কাজে ইউপি চেয়ারম্যান, মেম্বার, লীন প্রকল্পের কর্মচারীসহ ২৬ জন সদস্য দুটি গাড়িতে করে কেওক্রাডং গিয়েছিল। কাজ শেষ করে ফেরার পথে বগালেক এলাকার হারমনপাড়ার আগে ৪ নম্বর কালভার্ট এলাকায় পৌঁছলে তাদের গাড়ি গতিরোধ করে সাতজন অস্ত্রধারী লোক। তারা চেয়ারম্যান উহ্লামং মারমাকে গাড়ি থেকে নামিয়ে ডেকে নিয়ে যায়।

অপহৃত চেয়ারম্যানের স্ত্রী পিয়াং এং ময় বম বলেন, ‘গাড়ি থেকে নামিয়ে আমার স্বামীকে ডেকে নিয়ে কথা বলেছিল তারা। কথা শেষে আমার স্বামীকে রেখে দিয়ে সবাইকে গাড়িতে উঠতে বলে।’

You may have missed