রামুতে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন সংরক্ষণের বাউন্ডলি পাচারচক্রের গোপন তৎপরতা ভেস্তে দিল পুলিশ
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের অভিযানে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন সংরক্ষণের কাজে ব্যবহৃত ১ হাজার ৬০০ পিস বাউন্ডলি ও একটি মিনি পিকআপ গাড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। সীমান্তঘেঁষা এলাকায় সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর জন্য অস্ত্র সরঞ্জাম পাচারের অভিযোগে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর রাতে রামু থানা পুলিশ জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান–নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায় হোটেল আল মদিনার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। পরদিন ১৭ ডিসেম্বর রাত পৌনে ২টার দিকে একটি মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় থামার সংকেত দিলে চালক ও তার সহযোগীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মো. শাহজাহান (২৫), মো. ইলিয়াছ (১৯) ও আতিকুর রহমান (২৫)। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে ৩২টি প্লাস্টিকের সাদা বস্তার ভেতর থেকে মোট ১ হাজার ৬০০ পিস বাউন্ডলি উদ্ধার করা হয়, যা ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন সংরক্ষণ ও ব্যবহারের সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে পুলিশ জানতে পারে, উদ্ধারকৃত বাউন্ডলিগুলো মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে মিনি পিকআপযোগে বহন করা হচ্ছিল। এই চক্রটি সীমান্তবর্তী দুর্গম পথ ব্যবহার করে অস্ত্র ও সরঞ্জাম পাচারের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও অজ্ঞাতনামা আসামিরা সন্ত্রাসী গোষ্ঠীকে ভারী অস্ত্রের সরঞ্জাম সরবরাহের মাধ্যমে দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারকে অস্থিতিশীল করা এবং সার্বিকভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, পার্বত্য ও সীমান্তঘেঁষা অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান দেশের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।