মাগুরা ও রাজবাড়ীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
![]()
নিউজ ডেস্ক
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত পৃথক দুটি যৌথ অভিযানে মাগুরা ও রাজবাড়ী জেলায় একটি পিস্তল ও একটি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, গতকাল মধ্যরাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শালিখা থানাধীন আড়পাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মনিরুজ্জামান চকলেট (৪৮) ও মোঃ নয়ন মুন্সি (৪০) নামের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড পিস্তলের গুলি এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অন্যদিকে একই সময়ে রাজবাড়ী সদর থানাধীন শহীদ অহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুর গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে আরেকটি যৌথ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে একটি বিদেশি রিভলবার এবং তিন রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের অপরাধমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।