মিয়ানমারের নির্বাচনকে এখনও স্বীকৃতি দেয়নি আসিয়ান: ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
সামরিক শাসিত মিয়ানমারে সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের স্বীকৃতির প্রশ্নে ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী থেরেসা লাজারো বলেছেন, মিয়ানমারের নির্বাচনকে এখনো স্বীকৃতি দেয়নি আসিয়ান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় শহর সেবুতে আয়োজিত আসিয়ানের চলতি বছরের প্রথম বড় পরিসরের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে অনুষ্ঠিত তিন ধাপের নির্বাচন আসিয়ান এখনো অনুমোদন বা স্বীকৃতি দেয়নি। এই মুহূর্তে উত্তর হলো—হ্যাঁ, আসিয়ান নির্বাচনকে স্বীকৃতি দেয়নি।’
তবে ভবিষ্যতে আসিয়ানের অবস্থান পরিবর্তিত হতে পারে কি না—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি লাজারো। স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম র্যাপলার জানিয়েছে, থেরেসা লাজারো বলেন, মিয়ানমারের নির্বাচন নিয়ে আসিয়ান এখনো সম্মতিতে পৌঁছাতে পারেনি। তিনি আরও উল্লেখ করেন, যদিও তিন দফা ভোটগ্রহণ শেষ হয়েছে, তবে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হয়নি।
মিয়ানমারের নির্বাচন নিয়ে আসিয়ানের এই কঠোর অবস্থান দেশটির সামরিক সরকারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈধতা অর্জনের লক্ষ্যে সম্প্রতি নির্বাচন আয়োজন করে দেশটির সামরিক শাসকগোষ্ঠী।
সামরিক সংঘাতের কারণে তিন ধাপে আয়োজন করা এই নির্বাচন। যা গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে গত ২৫ জানুয়ারি শেষ হয়। তিন ধাপের নির্বাচনের পর গত সোমবার (২৬ জানুয়ারি) সামরিক বাহিনী-সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নির্বাচনে বিজয় দাবি করে।
ইউএসডিপির এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রাথমিক ফলাফলের ভিত্তিতে আমরা ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’ চলতি সপ্তাহেই নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ হওয়ার কথা। এর আগে সামরিক সরকার ঘোষণা দেয়, মার্চে সংসদ অধিবেশন বসবে এবং এপ্রিল থেকে নতুন সরকার দায়িত্ব নেবে।
তবে সমালোচকদের মতে, এই নির্বাচন না ছিল অবাধ, না ছিল সুষ্ঠু। প্রধান বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি এবং মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা একে সামরিক শাসনকে বৈধতা দেয়ার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন।
আসিয়ানের ১১ সদস্য দেশের অন্যতম মিয়ানমার। তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার পর থেকে দেশটির সামরিক সরকারকে আসিয়ান স্বীকৃতি দেয়নি। সেই অভ্যুত্থানের পর মিয়ানমার ভয়াবহ গৃহযুদ্ধ ও সহিংসতার মধ্যে পড়েছে।
এ বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন বলেন, ‘মিয়ানমারে অর্থবহ রাজনৈতিক অগ্রগতির জন্য সহিংসতা বন্ধ, অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং সব পক্ষের অংশগ্রহণ অপরিহার্য।’ তিনি আরও বলেন, ‘এই শর্তগুলো পূরণ হলেই এমন একটি সরকার গড়ে উঠতে পারে, যার বৈধতা ও জনগণের সমর্থন থাকবে।’
বর্তমানে আসিয়ানের বার্ষিক ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব পালন করছে ফিলিপিন্স। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিকে এই দায়িত্ব থেকে স্থগিত করা হয়েছিল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।