যৌথ বাহিনীর অভিযানে লক্ষীপুরে বিদেশি পিস্তল, বিস্ফোরকসহ দুইজন আটক
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে লক্ষীপুর জেলার সদর উপজেলায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীপুর সদর উপজেলার আলেয়াপুর ও চন্দ্রগঞ্জ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১ রাউন্ড পিস্তলের গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, দুটি ককটেল বিস্ফোরক, ৫৩টি আতশবাজি, একটি দেশীয় অস্ত্র এবং একটি বিপি জ্যাকেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং সাধারণ জনগণের জান-মাল রক্ষায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র মজুত ও নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর। এ ধরনের অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচনকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো মহল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।