পুকুরে ৮ ঘণ্টা র্যাবের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
কুমিল্লার সদরের একটি পুকুরে ৮ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকার দুটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব।
এই সময় উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, একটি রিভলবার, দুটি একনালা বন্দুক, বিপুল পরিমাণ বুলেট এবং ৩৩টি দেশীয় অস্ত্র।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের একটি চালান কুমিল্লায় প্রবেশ করতে পারে। ওই তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার ভোরে কটকবাজার এলাকায় অবস্থান নেন র্যাব সদস্যরা। দীর্ঘ সময় নজরদারির পর তারা নিশ্চিত হয় যে একটি পুকুরে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছে।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। এরপর পাশের আরেকটি পুকুরে অভিযান চালিয়ে আরও কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুটি একনালা বন্দুক, ছয়টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন ধরনের ৩৩টি দেশীয় অস্ত্র।
অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে র্যাব–১১ সিপিসি–২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।