মণিপুরে উত্তেজনার জেরে ৫১ কুকি শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিল পুলিশ
![]()
নিউজ ডেস্ক
ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় টানা উত্তেজনার প্রেক্ষাপটে জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি) রামভা থেকে ৫১ জন কুকি শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ। টাংখুল নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, উখরুল জেলা পুলিশের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সরিয়ে সাইকুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাদের কাংপোকপি জেলার জেএনভিতে স্থানান্তর করা হয়েছে। সরিয়ে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩১ জন ছেলে ও ২০ জন মেয়ে রয়েছে। কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি লিতান সারেইখং এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এতে উখরুলের নাগা অধ্যুষিত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৭ ফেব্রুয়ারি লিতান এলাকায় দুই পক্ষের মধ্যে মদ্যপ অবস্থায় সংঘর্ষের জেরে পরিস্থিতির অবনতি ঘটে বলে জানা গেছে।
শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার সময় স্থানীয় কিছু বাসিন্দা তাদের দুষ্কৃতকারী মনে করে সাময়িক উত্তেজনা সৃষ্টি করেন। পরে স্থানীয় সুশীল সমাজের নেতারা শাংশাক, রামভা, শোকভাও, টিএম কাসোম ও এস লাহো এলাকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন।
পুলিশ সব সম্প্রদায়ের প্রতি সংযম প্রদর্শন এবং গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’ ঘিরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হওয়ার পর থেকে মণিপুরে অস্থিরতা অব্যাহত রয়েছে। দীর্ঘ এই সংঘাতে এখন পর্যন্ত ২৬০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছর ১৩ ফেব্রুয়ারি রাজ্যে প্রেসিডেন্টস রুল জারি করা হয়। সম্প্রতি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে ওয়াই খেমচাঁদ সিং শপথ গ্রহণ করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।