২০২১ সাল থেকে মেঘালয়ে ৬৫৮ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, ১৯৪ জনকে ফেরত

২০২১ সাল থেকে মেঘালয়ে ৬৫৮ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, ১৯৪ জনকে ফেরত

২০২১ সাল থেকে মেঘালয়ে ৬৫৮ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, ১৯৪ জনকে ফেরত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মেঘালয় রাজ্যে অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৬৫৮ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের মধ্যে ১৯৪ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় এ তথ্য জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইংসঙ।

ভিপিপি দলের বিধায়ক হিভিং স্টোন খারপ্রানের দৃষ্টি আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্র (পুলিশ) দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপমুখ্যমন্ত্রী বলেন, ২০২১ সাল থেকে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রযোজ্য আইনের আওতায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। সাজা ভোগ শেষে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ভ্রমণ অনুমতিপত্র পাওয়ার পর সংশ্লিষ্টদের ফেরত পাঠানো হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, অনুপ্রবেশ রোধে বহুমাত্রিক নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তঃরাজ্য ও ভারত-বাংলাদেশ সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বর্তমানে ১৮টি চেকপোস্ট, প্রবেশদ্বার ও একটি ল্যান্ড কাস্টমস স্টেশন চালু রয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ের বিশেষ দল আকস্মিক তল্লাশি ও যৌথ টহল পরিচালনা করছে।

এ ছাড়া শ্রম দপ্তর, ভিলেজ ডিফেন্স পার্টি ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করা হয়েছে। সনাক্তকরণ, যাচাই-বাছাই ও ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করতে ১১টি জেলা টাস্কফোর্স গঠন করা হয়েছে। সার্বিক তদারকির জন্য রাজ্য পর্যায়ে একটি মনিটরিং কমিটিও কাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট খাসি হিলস জেলার কিছু এলাকায় ‘মেঘালয় রেসিডেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৬’ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন ও ফরেনার্স আইন ২০২৫, ভারতীয় ন্যায় সংহিতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

উপমুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, তবে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি যাচাই-বাছাই কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।