ভারতের সাথে সম্পর্কে তারেক রহমানের প্রথম পদক্ষেপ: দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু

ভারতের সাথে সম্পর্কে তারেক রহমানের প্রথম পদক্ষেপ: দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু

ভারতের সাথে সম্পর্কে তারেক রহমানের প্রথম পদক্ষেপ: দিল্লিতে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাত্র তিন দিনের মাথায় এই সিদ্ধান্তকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই খবর দিয়েছে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন তাদের কনস্যুলার সেবা পুনরায় চালু করেছে। এর আগে গত ডিসেম্বর থেকে পর্যটন ও মেডিকেল ভিসাসহ অধিকাংশ ভিসা বন্ধ ছিল (শুধুমাত্র ব্যবসা ও কাজের ভিসা সীমিত পরিসরে চালু ছিল)। এখন থেকে পর্যটন, চিকিৎসা ও অন্যান্য সকল ক্যাটাগরিতে ভারতীয়রা বাংলাদেশে যাওয়ার ভিসা পাবেন।

সম্পর্ক স্বাভাবিক করার পথে দুই দেশ

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ভারতের সঙ্গে বিদ্যমান ‘অস্বস্তি’ দূর করার উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে ভারতবিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। ওই ঘটনার জেরে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ এবং হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলার ঘটনায় কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছায়, যার ফলে উভয় দেশই ভিসা পরিষেবা স্থগিত করেছিল।

পাল্টা পদক্ষেপ ভারতেরও

বাংলাদেশের এই উদ্যোগের একদিন আগেই সিলেটে নিযুক্ত ভারতীয় ঊর্ধ্বতন কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, ভারতও খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সেবা স্বাভাবিক করবে। তিনি জানান, বর্তমানে মেডিকেল ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা দ্রুতই চালু হবে।

মোদী-তারেক দ্বিপাক্ষিক আলোচনার ইঙ্গিত

চলতি সপ্তাহে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে ভারত সফরের একটি আমন্ত্রণপত্রও পৌঁছে দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকার প্রধান শেখ হাসিনা বা ড. ইউনূসের বৈদেশিক সফরের ধারার বাইরে গিয়ে তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে দিল্লিকে বেছে নেন কি না, এখন সেটিই দেখার বিষয়। কূটনৈতিক মহলের মতে, এই ভিসা পুনরুদ্ধারের ঘটনা দুই দেশের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ককে পুনরায় মজবুত করার প্রাথমিক ধাপ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।