পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড: বান্দরবানে ৫টি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের অপরাধে ৫টি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
আজ রবিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের।

আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবান জেলার ৫টি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসন’সহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যারমধ্যে ৪২টি ইটের ভাটা বর্তমানে সচল রয়েছে। ইতিমধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কিছুকিছু ইটের ভাটাকে অর্থদণ্ড এবং বুলডোজার ও স্কেভেটর দিয়ে ভেঙে দেয়া হলেও বন্ধ করা যায়নি।

এদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের অপরাধে ৮টি ইটের ভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তার মধ্যে পরিবেশ অধিদপ্তর দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে পরিবেশ আদালত।

পরোয়ানা জারিকৃত ইপভাটার মালিকরা হলেন-থানচি উপজেলার MSB ভাটা মালিক আনিসুর রহমান সুজন, আলীকদম উপজেলার ABM ইটভাটা মালিক সামছুদ্দিন ও এখলাচুর রহমান, UBM ইটভাটা মালিক আলীকদমের জামাল উদ্দিন, FBM ইটভাটা মালিক সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাই শওকত তালুকদার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার BBM ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর, ফরিদ আহমদ।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।