জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইমন এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে প্রমুখ।
বক্তারা বলেন, খাগড়াছড়ির জ্যেষ্ঠ সাংবাদিক জীতেন বড়ুয়া দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। গত এক মাস ধরে তিনি কারাগারে রয়েছেন, যা সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়ে বক্তারা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ায় স্বচ্ছভাবে নিষ্পত্তি করা উচিত।

তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো যথাযথভাবে পর্যালোচনা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে তারা বলেন, কোনো সাংবাদিক যদি অপরাধে জড়িত থাকেন, তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হোক; কিন্তু অযথা হয়রানি বা হয়রানিমূলক মামলার মাধ্যমে পেশাগত কার্যক্রম বাধাগ্রস্ত করা উচিত নয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে জীতেন বড়ুয়ার মুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।