ভাঙা ঘরের দুঃখ শেষে নিরাপদ আশ্রয়, সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে স্বস্তি অসহায়দের
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায় অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর জুরাছড়ি জোন (২ বীর) এর উদ্যোগে এলাকার দরিদ্র ও আশ্রয়হীন মানুষের জন্য চলমান রয়েছে নতুন ঘর নির্মাণ এবং পুরাতন জরাজীর্ণ ঘর পুনর্নির্মাণের কাজ।
সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে একটি মানবিক ও মহতী উদ্যোগ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে জুরাছড়ি জোন।
জানা গেছে, জুরাছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজানের আন্তরিক উদ্যোগ, সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় উপজেলা সদর সংলগ্ন এলাকায় ২০ জন অসহায় ও গৃহহীন মানুষের জন্য নতুন ঘর নির্মাণ এবং জরাজীর্ণ ঘরগুলো পুনর্নির্মাণের কাজ চলছে।

দীর্ঘদিন ধরে বসবাসের উপযোগী আশ্রয়ের অভাবে কষ্টে থাকা এসব মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদের এই উদ্যোগে নতুন আশার আলো দেখছেন সুবিধাবঞ্চিত পরিবারগুলো।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী অনেক পরিবার বছরের পর বছর ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ তাদের জীবনে স্বস্তি ও নিরাপত্তা এনে দিচ্ছে।
উল্লেখ্য, এর আগেও জুরাছড়ি জোনের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে ২৫ জন অসহায় ও গৃহহীন ব্যক্তির জন্য নতুন ঘর নির্মাণ এবং পুরাতন ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে। এই উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করেছে।
মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া এমন উদ্যোগ পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।