কাউখালীতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গুলিবিনিময়, এলাকায় উত্তেজনা
ফাইল ছবি।
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস ও প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৯ মার্চ ২০২৬) সকাল প্রায় ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ঘাগড়া আর্মি ক্যাম্পের আওতাধীন কজইছড়ি পাড়া, করলসাপ পাড়া ও দুলদুলিয়া পাড়ার মধ্যবর্তী একটি পাহাড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই এলাকায় জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এ সময় আনুমানিক ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়।
সূত্র জানায়, জেএসএস সন্ত্রাসী উথায় মং মারমার নেতৃত্বে আনুমানিক ৫৫ থেকে ৬০ জনের একটি সশস্ত্র গ্রুপ এবং ইউপিডিএফ পোস্ট পরিচালক তরেন চাকমার নেতৃত্বে প্রায় ৬০ থেকে ৬৫ জনের একটি সশস্ত্র গ্রুপ ওই এলাকায় মুখোমুখি অবস্থান করছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে সূত্র আরও জানায়, ইউপিডিএফের প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য জনবল বৃদ্ধির উদ্দেশ্যে বড়মাছড়ি এলাকা থেকে পানছড়ি এলাকায় এসেছে এবং বর্তমানে তারা সেখানে অবস্থান করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।