খোলা ময়দানে ত্রিপল বিছিয়ে কক্সবাজার জেলা বিএনপির ইফতার
![]()
নিউজ ডেস্ক
খোলা ময়দানে মাটিতে ত্রিপল বিছিয়ে দুই হাজারের বেশি মানুষের জন্য ইফতারের আয়োজন করেছে কক্সবাজার জেলা বিএনপি। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে ব্যতিক্রমী।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে (গোল চত্বর) জেলা বিএনপির উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারে এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিহিংসা বা বিদ্বেষ থাকবে না। সবাই মিলেমিশে কক্সবাজারকে এগিয়ে নিতে হবে।
তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে সাধারণ মানুষ কষ্ট পায় বা দলের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি হয়।
তিনি সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেশের পাশাপাশি কক্সবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী এবং কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা আলী হাসান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমেদ।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশনায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে খোলা মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।