ভিসা পেতে যুক্তরাষ্ট্রে ডাকাতির নাটক; ১১ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রে ইউ-ভিসা সুবিধা পাওয়ার জন্য অভিনব প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে ১১ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাজানো ডাকাতির ঘটনা ঘটিয়ে নিজেদের গুরুতর অপরাধের শিকার হিসেবে উপস্থাপন করেছিল, যাতে তারা ভিসা সুবিধা পেতে পারে।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের ফেডারেল তদন্তকারীরা জানায়, চক্রটি অত্যন্ত সুচারুভাবে পরিকল্পনা ও পরিচালনা করত। ‘ইউ-ভিসা’ হলো এমন একটি বিশেষ ক্যাটাগরির ভিসা, যা গুরুতর অপরাধের শিকারদের দেওয়া হয় এবং শর্ত থাকে যে তারা আইন প্রয়োগকারী সংস্থার তদন্তে সহায়তা করবে।
তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা অন্তত ছয়টি সাজানো ডাকাতির ঘটনা ঘটিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী একজন সদস্য ভুয়া ডাকাত হিসেবে দোকানে প্রবেশ করে অগ্নেয়াস্ত্রের মতো বস্তু প্রদর্শন করে নগদ অর্থ নিয়ে পালাত। ঘটনা যেন সত্য মনে হয়, সেজন্য সিসিটিভি ক্যামেরায় দৃশ্য ধারণ করা হতো। দোকানে থাকা অন্য অভিযুক্তরা পুলিশকে জানাতে অন্তত পাঁচ মিনিট অপেক্ষা করত, যাতে ঘটনা আরও বিশ্বাসযোগ্য হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জিতেন্দ্রকুমার প্যাটেল, মহেশকুমার প্যাটেল, সঞ্জয়কুমার প্যাটেল, অমিতাবাহেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল ও মিতুল প্যাটেল ম্যাসাচুসেটসে গ্রেপ্তার হয়ে প্রাথমিক শুনানির পর মুক্তি পেয়েছেন।
অন্যদিকে রমেশভাই প্যাটেল, রোনাককুমার প্যাটেল, সোনাল প্যাটেল ও মিনকেশ প্যাটেলকে কেন্টাকি, মিসৌরি ও ওহাইও থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পরে বোস্টনের আদালতে হাজির হবেন।
মার্কিন আইন অনুসারে, ভিসা জালিয়াতির ষড়যন্ত্র প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, তিন বছরের নজরদারিতে মুক্তি এবং সর্বোচ্চ আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।