আসামে ২৮ কোটি রুপি মূল্যের ইয়াবা ও হেরোইন জব্দ, আটক ৩
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসামের কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় ২৮ কোটি রুপি মূল্যের ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করেছে আসাম পুলিশ ও আসাম রাইফেলস। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযানে ১ লাখ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ২২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ কোটি রুপি।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, মাদক চক্রের বিরুদ্ধে রাজ্য সরকারের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে এবং তিনজন সন্দেহভাজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামে মাদক চোরাচালান ও পাচারকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান পূর্ণ শক্তিতে চলবে এবং এ বিষয়ে সরকারের অবস্থান কঠোর থাকবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর মাদক পাচার চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।