বান্দরবানে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প: শতাধিক রোগীকে দেয়া হল চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য এলাকার সাধারণ মানুষের মৌলিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
রবিবার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে পরিচালিত ৭ ফিল্ড এম্বুলেন্স কার্যালয়ে দিনব্যাপী একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে জেলা সদরসহ আশপাশের বিভিন্ন দুর্গম এলাকা থেকে প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি গুরুতর রোগীদের উন্নত চিকিৎসা ও ঔষধ ক্রয়ের জন্য সেনা রিজিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন ৭ ফিল্ড এম্বুলেন্সের চিকিৎসক ক্যাপ্টেন ডা. মো. আবু সায়েম এবং ক্যাপ্টেন ডা. ফারা উলফাত। তারা রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান এবং ঔষধ বিতরণ করেন।
চিকিৎসা নিতে আসা এক অভিভাবক জানান, তার মেয়ের অসুস্থতার জন্য তিনি এখানে চিকিৎসা নিতে এসেছেন। এখানে ভালো চিকিৎসা পাওয়া যায় বলে তারা প্রায়ই এ সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা কার্যক্রম সম্পর্কে ক্যাপ্টেন ডা. মো. আবু সায়েম বলেন, পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অংশ হিসেবে সপ্তাহে দুই দিন—রবিবার ও বুধবার—৭ ফিল্ড এম্বুলেন্সের পক্ষ থেকে মানবিক চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাবে।
উল্লেখ্য, এই মেডিকেল ক্যাম্পে সার্জারি, গাইনি, মেডিসিন, চর্মরোগ, নাক-কান-গলা এবং অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে থাকেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।