কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও আইসসহ আটক ১
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ক্রিস্টাল মেথসহ (আইস) একজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৮ মার্চ) দুপুর ১টায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আব্দুল আলীম তাহের (২৮) উপজেলার হ্নীলা ওহাববারাং এলাকার আবু তাহেরের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে একটি অটোরিকশায় মাদক পাচারের তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে একটি দল লেদা ও মুছনী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত দলকে সতর্ক করে। পরে অটোরিকশাটি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা দ্রুত সেটির গতিরোধ করে ঘিরে ফেলে।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশা থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা দুটি প্যাকেটের একটিতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি এবং অন্য প্যাকেটে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। এ ঘটনায় অটোরিকশা চালক আব্দুল আলীম তাহের (২৮)কে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।