ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্যবাসীকে শুভেচ্ছা জানালেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের সকল জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার এক ভিডিও বার্তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এই মন্ত্রী বলেন, ঈদুল ফিতর শুধু ধর্মীয় উৎসব নয়, বরং এটি পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
মন্ত্রী বলেন, “আমার প্রিয় পার্বত্যবাসী, ঈদ মোবারক। পবিত্র মাহে রমজান শেষে উপনীত হবে ঈদুল ফিতর। এই উৎসব আমরা সবাই মিলে উপভোগ করি। এখানে কোনো বৈষম্য নেই—সব জাতিগোষ্ঠী একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে ঈদুল ফিতর একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যেখানে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়।
ভিডিও বার্তার শেষাংশে মন্ত্রী সকলের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ভবিষ্যতেও যেন পার্বত্য অঞ্চলের মানুষ পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মাধ্যমে বসবাস করতে পারে—সেটিই হবে ঈদের প্রকৃত বার্তা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।