ঈদে খাগড়াছড়িতে আশানুরূপ পর্যটকের প্রত্যাশা, প্রস্তুত পর্যটন খাত ও তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পর্যটন নগরী পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকদের ব্যাপক আগমনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। টানা ছুটিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
পর্যটন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাহাড়-অরণ্য, ঝিরি-ঝরনা আর মেঘমাখা প্রকৃতির টানে সারা বছরই ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয় খাগড়াছড়ি। ঈদের ছুটিতে এই আগ্রহ কয়েকগুণ বেড়ে যায়।

বিশেষ করে আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, সাজেক ভ্যালি, জেলা পরিষদ পার্কের ঝুলন্ত ব্রিজ, মায়াবিনী লেক এবং রিছাং ঝরনাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে।
আলুটিলা পর্যটন কেন্দ্রে দায়িত্বরত কোকোনাথ ত্রিপুরা জানান, “রমজান মাসে পর্যটক কম থাকায় ব্যবসায় কিছুটা ধাক্কা লেগেছিল। তবে ঈদের ছুটিতে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছি।”

এদিকে ইতোমধ্যে হোটেল-মোটেলের প্রায় ৫০ শতাংশ কক্ষ বুকিং সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইনচার্জ ক্যাচিং মারমা জানান, ঈদের পরদিন থেকেই প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে এবং টানা কয়েকদিন পর্যটকদের চাপ থাকবে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক টহল জোরদার করা হবে এবং মোবাইল টিম সক্রিয় থাকবে।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নিশাত রায় বলেন, “ঈদের সময় পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আমরা প্রস্তুত রয়েছি। কোনো পর্যটক বিপদে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।”
পর্যটন খাতের ব্যবসায়ীদের ধারণা, এবারের ঈদের ছুটিতে খাগড়াছড়ি ও সাজেক এলাকায় ৫০ থেকে ৬০ হাজার পর্যটকের আগমন ঘটতে পারে। এতে স্থানীয় পর্যটন শিল্পে নতুন করে গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।