পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সংবিধান পরিপন্থী শব্দ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান পিসিসিপির
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি সংবিধান পরিপন্থী ও সংবেদনশীল শব্দ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর পার্বত্য চট্টগ্রামের উপজাতি জনগোষ্ঠীকে ‘আদিবাসী’ এবং ‘Son Of Soil’ হিসেবে আখ্যায়িত করেন, যা নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
পিসিসিপি বলেছে, বাংলাদেশের সংবিধানে ‘আদিবাসী’ শব্দের কোনো উল্লেখ নেই। সংবিধানের ১৫তম সংশোধনী অনুযায়ী দেশে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া ‘পার্বত্য শান্তি চুক্তিতেও’ এই শব্দটির কোনো উল্লেখ নেই।
সংগঠনটি জানায়, জাতিসংঘের আদিবাসী বিষয়ক ঘোষণা (ILO Convention 169) অনুযায়ী কোনো জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে তারা ভূমি, সম্পদ, ভাষা ও সংস্কৃতির ওপর একচ্ছত্র অধিকার দাবি করতে পারে। এটি দেশের সার্বভৌমত্ব ও ‘তফসিলি উপজাতি’ ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।
পিসিসিপি আরও উল্লেখ করেছে, বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশসহ ১৬০টি দেশই ILO Convention-এ স্বাক্ষর করেনি। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস পর্যালোচনায় দেখা গেছে, তারা ওই অঞ্চলের অকৃত্রিম ভূমিপুত্র নয়। বাঙালির ইতিহাস এই অঞ্চলে ৩ হাজার বছর পূর্ব পর্যন্ত বিস্তৃত, স্বাধীন বাংলা সুলতানাত ও সেন, পাল রাজবংশ এই এলাকায় শাসন প্রতিষ্ঠা করেছে।
সংগঠনটি মনে করিয়ে দিয়েছে, শব্দটির ব্যবহার পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদকে উসকে দিতে পারে এবং রাষ্ট্রীয় অখণ্ডতাকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গণমাধ্যম ও সর্বস্তরের সাধারণ জনগণকে শব্দটির ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানানো হয়েছে।
পিসিসিপির দপ্তর সম্পাদক জমির উদ্দিন স্বাক্ষরিক বিবৃতিতে বলা হয়, “শব্দটির ব্যবহারে অবগত ও সচেতন থাকা জরুরি, যাতে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সংহতি অক্ষুণ্ণ থাকে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।