বান্দরবানের দুর্গম পাহাড়ে পানি সংকট নিরসনে আশার আলো র‍্যাম পাম্প প্রযুক্তি

বান্দরবানের দুর্গম পাহাড়ে পানি সংকট নিরসনে আশার আলো র‍্যাম পাম্প প্রযুক্তি

বান্দরবানের দুর্গম পাহাড়ে পানি সংকট নিরসনে আশার আলো র‍্যাম পাম্প প্রযুক্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবান-এর দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই সুপেয় পানির সংকট স্থানীয় জনগণের অন্যতম প্রধান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। উঁচু-নিচু ভৌগোলিক গঠন, বিদ্যুৎ সুবিধার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত ঘাটতির কারণে অনেক এলাকায় এখনো স্বাভাবিক পানি সরবরাহ ব্যবস্থা গড়ে ওঠেনি। এ পরিস্থিতিতে কার্যকর ও টেকসই সমাধান হিসেবে সামনে আসছে র‍্যাম পাম্প প্রযুক্তি।

স্থানীয়দের ভাষ্য, পরিবেশগত পরিবর্তন ও বিভিন্ন কারণে জেলার প্রাকৃতিক পানির উৎসগুলো ক্রমেই কমে যাচ্ছে। ফলে চিম্বুক পাহাড়, থানচি-এর হুকু খুমী পাড়া, সাখয়উ পাড়া, খেসাপ্রু পাড়া, ক্যমং হেডম্যান পাড়া, রুংসোলা পাড়া, মতি ত্রিপুরা পাড়া, চাইশৈউ পাড়া, ঙাসালাং পাড়া, উষাথোয়াই পাড়া, বাসিংঅং পাড়া, য়ংনং পাড়া, ক্রাহ্লাঅং পাড়া, অতিরাং পাড়া, অংহ্লা খুমী পাড়া, জগৎচন্দ্র পাড়া, আলীকদম-এর কুরুকপাতা, লামা-এর গজালিয়া এবং রোয়াংছড়ি-এর শুকনা ঝিরিসহ অন্তত কয়েকশত পাড়ার বাসিন্দাদের এক কলসি পানির জন্য কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে।

এ অবস্থায় সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগে পরিকল্পিতভাবে র‍্যাম পাম্প স্থাপন করা গেলে দুর্গম পাহাড়ি জনপদে বসবাসকারী মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নারীদের পানি সংগ্রহের কষ্ট অনেকাংশে লাঘব হবে।

র‍্যাম পাম্প বদলে দিতে পারে পাহাড়ে পানি সংকটের চিত্র

স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় যেখানে প্রাকৃতিক পানির উৎস রয়েছে, সেখানে র‍্যাম পাম্প স্থাপন করলে স্বল্প খরচে দীর্ঘমেয়াদে পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব। এতে বিদ্যুৎ বা জ্বালানির ওপর নির্ভরশীলতাও কমে আসবে।

এ বিষয়ে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, পাহাড়ি এলাকায় পানির সংকট একটি দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যা। বিদ্যুৎ সুবিধার অভাবে প্রচলিত পাম্পগুলো কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছিল না। এই বাস্তবতায় র‍্যাম পাম্প প্রযুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বিদ্যুৎ ও জ্বালানিনির্ভরতা ছাড়াই পানি সরবরাহ করতে সক্ষম।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের সুপেয় পানির প্রাপ্তি নিশ্চিত হবে এবং এটি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

প্রসঙ্গত, পরিকল্পিত বাস্তবায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে র‍্যাম পাম্প প্রযুক্তি বান্দরবানের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে একটি বাস্তবসম্মত ও টেকসই সমাধান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *