লংগদুতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন: দুই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালি পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে দুই শতাধিক পাহাড়ি ও বাঙ্গালি হতদরিদ্র, অসহায়, এতিম নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
আজ শনিবার সকাল থেকে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ-এর নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

ক্যাম্পেইনে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোছাঃ আনিকা বুসরা এবং লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবরারের নেতৃত্বে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এসময় সেনাবাহিনীর অন্যান্য সদস্যরাও চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, দুর্গম পার্বত্য অঞ্চলের অনেক নারী নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকেন। বিশেষ করে গাইনি ও মাতৃস্বাস্থ্য সংক্রান্ত চিকিৎসা সুবিধা অনেক ক্ষেত্রে তাদের নাগালের বাইরে থাকে। সেই বাস্তবতা বিবেচনায় এ বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া তাদের জন্য বিরল সুযোগ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ক্যাম্পেইনে সেবা গ্রহণকারী অনেক নারী বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগলেও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ পাননি। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হিসেবে এসেছে।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, সীমান্ত ও নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও লংগদু জোনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।