বান্দরবানের রাজার মাঠে বর্ণিল আয়োজনে সাংগ্রাই: দুই দিনে জমজমাট উৎসব, থাকছেন মন্ত্রী-এমপিরা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জনপদের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাইকে ঘিরে পাহাড়ি জেলা বান্দরবানের রাজার মাঠে দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের নতুন কমিটি।
আগামী ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিতব্য এই উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বান্দরবান পার্বত্য জেলার সংসদ সদস্য সা চিং প্রু জেরী এমপি।
সেদিন সকাল ৯টায় চেমী ডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর সকাল সাড়ে ১০টায় চেমী ডলু পাড়া বৌদ্ধ বিহারে প্রায় ১১০ জন উপাসক-উপাসিকার অংশগ্রহণে গুরুজনদের পূজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হবে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংগ্রাই উৎসবের মূল আয়োজন।
দুপুর দেড়টায় খ্যং সম্প্রদায়ের নববর্ষ উৎসব অনুষ্ঠিত হবে খ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে দুপুর ২টায় অতিথিরা সার্কিট হাউসে অবস্থান নেবেন এবং বিকাল ৩টায় পুনরায় রাজার মাঠে সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন। দিনব্যাপী আয়োজনে ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসবসহ নানা আয়োজন থাকছে।
পরদিন, ১৬ এপ্রিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য সা চিং প্রু (জেরী) এমপি।
সেদিন দুপুর ১২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে প্রতিমন্ত্রীর সফর শুরু হবে। এরপর দুপুর ১টায় ম্রো কমপ্লেক্স মাঠ সংলগ্ন এলাকায় সাংগ্রাই উৎসবের উদ্বোধন করা হবে। বিকাল ৩টায় রাজার মাঠে আবারও উৎসবের মূল আয়োজন অনুষ্ঠিত হবে, যেখানে থাকবে ঐতিহ্যবাহী খেলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পিঠা উৎসব।
আয়োজক কমিটির সভাপতি চ থুই প্রু ও সাধারণ সম্পাদক থুই মং প্রু জানান, পাহাড়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ উৎসব পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
এর আগে, বেশ কয়েকদিন ধরে নানা শঙ্কার পর গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উদযাপন নিয়ে অবশেষে সমাধানে পৌঁছান সংশ্লিষ্টরা। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার দুইটি পৃথক স্থানে উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কমিটি রাজার মাঠে এবং পুরাতন কমিটি উজানী পাড়া সাঙ্গু নদীর চরে সাংগ্রাই উৎসব উদযাপন করবে। আয়োজকদের মতে, পৃথকভাবে আয়োজনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সহজ হবে।
বান্দরবানের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান জানান, উৎসব নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, সাংগ্রাই উৎসব পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম প্রধান বর্ষবরণ উৎসব, যা আনন্দ-উচ্ছ্বাস, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে প্রতি বছর উদযাপিত হয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।