জ্ঞান-উৎসবের বর্ণাঢ্য আয়োজনে শেষ হল ‘রামু গ্রন্থমেলা-২০২৬’
![]()
নিউজ ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬ দিনব্যাপী ‘রামু গ্রন্থমেলা-২০২৬’ শেষ হয়েছে। আয়োজকরা জানান, জ্ঞান, সৃজনশীলতা ও সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়েছিল এ আয়োজন। রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মেলা শেষদিনেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতিতে মুখর ছিল।
শনিবার (১১ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ও রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. খাদেমুল বাশার।
তিনি বলেন, “এই গ্রন্থমেলা কেবল একটি আয়োজন নয়, বরং জ্ঞানচর্চা, সংস্কৃতি ও প্রজন্ম গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। মেলার সফলতা সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতিফলন। নতুন প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ ও জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”
অনুষ্ঠানে কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি ও বিশিষ্ট লেখক মুহম্মদ নূরুল ইসলাম, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা সংস্থা ও স্থানীয় লাইব্রেরির অংশগ্রহণে মেলাটি আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
আয়োজকরা আরও জানান, মেলার সফল আয়োজনের জন্য রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানানো হয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও আকর্ষণীয় আয়োজন বাস্তবায়িত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে লেখক, প্রকাশক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।