খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের চক্ষু ও মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন সহস্রাধিক মানুষ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম এলাকার অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকসহ একটি অভিজ্ঞ মেডিকেল টিম, চট্টগ্রাম সদর থেকে আগত শিশু বিশেষজ্ঞ এবং জোন সদরদপ্তরের মেডিকেল অফিসার ও তার সহায়ক দল চিকিৎসাসেবা প্রদান করেন।
দিনব্যাপী পরিচালিত এ ক্যাম্পে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জন পাহাড়ি ও বাঙ্গালি রোগী সরাসরি চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
এছাড়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনী জানায়, দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসরত দরিদ্র ও প্রবীণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই ছিল এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে অর্থাভাব ও যাতায়াত সমস্যার কারণে যারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এই উদ্যোগ কার্যকর ভূমিকা রেখেছে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। উপকারভোগীদের অনেকেই জানান, এমন উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা হয়ে এসেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও জনকল্যাণে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।