মানিকছড়িতে পে-লোডার জব্দের পর দুর্ঘটনায় চালকের মৃত্যু: গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানে জব্দকৃত পে-লোডার থানায় আনার সময় সংঘটিত দুর্ঘটনায় এক চালকের মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত ১২ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ০২ নং বাটনাতলি ইউনিয়নের থলিপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি পে-লোডার জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পে-লোডারের মূল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে জব্দকৃত যানটি থানায় নিয়ে যাওয়ার জন্য স্থানীয় চালক বাবুল হোসেনের সহায়তা নেওয়া হয়। প্রশাসন জানায়, অতীতেও অনুরূপ অভিযানে তিনি দক্ষতার সঙ্গে সহায়তা করেছিলেন।
কিন্তু পে-লোডারটি থানায় নেওয়ার পথে বাবুল হোসেন আকস্মিক দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণ ও জরুরি অস্ত্রোপচার করা হয়।
প্রশাসনের দাবি, শুরু থেকেই তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব উপজেলা প্রশাসন বহন করেছে। এ পর্যন্ত চিকিৎসা বাবদ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও গত ১৭ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেন মারা যান।
এ ঘটনায় উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি তাৎক্ষণিক সহায়তা হিসেবে পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল এলাকায় অস্থিতিশীলতা তৈরি ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
প্রশাসনের মতে, অবৈধ পাহাড় নিধন ও বালু উত্তোলনের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসন জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে।
প্রসঙ্গত, পার্বত্য এলাকায় পরিবেশ রক্ষা ও অবৈধ কর্মকাণ্ড দমনে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।