খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটায় আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে তিন ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহল পরিচালনাকালে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় একদল ব্যক্তিকে অবৈধভাবে পাহাড় কাটার কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করে।
এ সময় পাহাড়ের মাটি ও ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিন ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, ঘটনাস্থলে পূর্বে পাহাড় কাটার চিহ্ন পাওয়ায় বিষয়টি অধিকতর তদন্ত করা হয়। তদন্তে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশ ও জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।