দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সহস্রাধিক রোগী পেল সেবা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে চলা এই ক্যাম্পেইনে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের পাশাপাশি দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুঃ শায়খউদ্দীন সাকলাইন রোগীদের আন্তরিকভাবে সেবা প্রদান করেন।

সারাদিনব্যাপী এই আয়োজনে প্রায় হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগটি পরিচালিত হয় লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথ-এর সার্বিক তত্ত্বাবধানে। পাশাপাশি সহযোগিতা প্রদান করে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি, রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রাল এবং মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন।

ক্যাম্পেইনে উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকা থেকে আগত রোগীদের চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হয়।
আয়োজকরা জানান, আগামী মাসের ১৬ তারিখ থেকে চোখে ছানি পড়া প্রায় দুই শতাধিক রোগীকে চট্টগ্রামে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে, যা এই উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে এ ধরনের বিশেষায়িত চিকিৎসা সেবা পাওয়া অত্যন্ত কঠিন। সেখানে সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য এক বড় স্বস্তি হয়ে এসেছে। অনেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা নিতে পারেননি, এই ক্যাম্প তাদের জন্য আশার আলো হয়ে উঠেছে।
দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. আল আমিন জানান, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্গম পার্বত্য এলাকায় যেখানে চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন, সেখানে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে এলাকার মানুষ আরও উন্নত ও সুস্থ জীবনযাপন করতে পারে।”

সংশ্লিষ্টরা মনে করেন, শান্তি ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। এই ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নিশ্চিত করেই থেমে নেই, বরং পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা ও আত্মকর্মসংস্থানের মতো নানা মানবিক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক ভূমিকা পালন করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।