১০৪তম ব্যাচের নবীন সৈনিকদের বক্সিংয়ে চ্যাম্পিয়ন বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন
![]()
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রাঙ্গামাটি সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের অংশগ্রহণে ১০৪তম ব্যাচ নবীন সৈনিকদের বক্সিং প্রতিযোগিতা–২০২৬ প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতা সৈনিকদের মধ্যে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধির এক অনন্য মঞ্চে পরিণত হয়।

প্রতিযোগিতায় মোট ৪টি ব্যাটালিয়নের ৮৫ জন নবীন সৈনিক অংশগ্রহণ করেন এবং ৪৩টি বাউটে তারা নিজেদের দক্ষতা ও কৌশল প্রদর্শন করেন।
প্রতিটি লড়াই ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) রানার্স-আপ হওয়ার সম্মান লাভ করে।
মঙ্গলবার (২২ এপ্রিল) আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম।

তিনি বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের মাঝে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করেন।
বক্তব্যে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নবীন সৈনিকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা অর্জন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।পাশাপাশি তিনি সুষ্ঠু ও সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য কাপ্তাই ব্যাটালিয়নের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদীসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও/এনসিও, অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের উচ্ছ্বাস এবং সহযোদ্ধাদের অভিনন্দনে পুরো পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর।
প্রসঙ্গত, এ ধরনের নিয়মিত ক্রীড়া আয়োজন বিজিবির নবীন সৈনিকদের মাঝে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।