কক্সবাজারে নিখোঁজের তিনদিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের তিনদিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের তিনদিন পর মন্দিরের সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজার সদরের খুরুশকুলে নিখোঁজের তিনদিন পর হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরের সেবায়েতের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পুলিশ্যাঘোনা এলাকার একটি পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নয়ন দাশ (৪০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার গোপাল দাশের ছেলে। তিনি খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার সার্বজনীন শ্রী শ্রী শিব কালী মন্দিরের সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন এবং মন্দিরের পাশেই পরিবারসহ বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে নয়ন দাশ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকাল থেকে স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় সোমবার বিকেলে তার স্ত্রী অঞ্জনা শীল কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ নিখোঁজের বিষয়ে তৎপরতা শুরু করে।

বুধবার সকালে খুরুশকুলের পুলিশ্যাঘোনা এলাকার পাহাড়ে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং শরীরের বিভিন্ন স্থানের চামড়া উঠে গেছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজের দিনই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে নিহতের স্ত্রী অঞ্জনা শীল অভিযোগ করেন, ১৯ এপ্রিল রাত ৯টার দিকে অজ্ঞাত দুই ব্যক্তি তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে মন্দির থেকে প্রায় ৫০-৬০ গজ দূরে পাহাড়ি জঙ্গলে স্বামীর ব্যবহৃত চাদর পড়ে থাকতে দেখেন, যা দেখে তিনি আশঙ্কা করেন তার স্বামীর ওপর কোনো দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক জনি ধর বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিনদিন নিখোঁজ থেকে পাহাড়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে স্থানীয়ভাবে নয়ন দাশের কারও সঙ্গে শত্রুতা ছিল বলে জানা যায়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed