রাঙামাটিতে দ্বিতীয় দফায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটিতে দ্বিতীয় দফায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বোধিপুর এলাকা এবং নানিয়ারচর উপজেলার কুতুকছড়ি ও বগাছড়ি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
৪০ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় দুটি ইউনিয়নে প্রায় ১২ কিলোমিটার খাল খনন করা হবে। এতে ৭১৬ জন স্থানীয় শ্রমিক অংশ নিয়েছেন, যা একদিকে কর্মসংস্থান সৃষ্টি করছে, অন্যদিকে দীর্ঘদিনের পানি সংকট নিরসনের পথও সুগম করছে।
উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, দীর্ঘ বছর খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় এবং বর্ষাকালে ফসলি জমি ও বসতবাড়ি প্লাবিত হয়। এতে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খাল পুনঃখননের মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

খাল খনন কাজে অংশ নেওয়া শ্রমিক রূপান্তর চাকমা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে তাদের ঘরবাড়ি প্লাবিত হয়। খাল পুনঃখনন সম্পন্ন হলে বন্যার ঝুঁকি কমবে, ফসলি জমি রক্ষা পাবে এবং শুষ্ক মৌসুমে খালে পানি থাকায় কৃষিকাজে সুবিধা হবে।
এদিকে রাঙামাটি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙা ও বালুখালী ইউনিয়নে মোট প্রায় ৩৩ কিলোমিটার খাল পুনঃখননে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে।
উল্লেখ্য, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে রাঙামাটির পানি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।