পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম থেকে বিদেশে, বিশেষ করে চীনে মানবপাচার প্রতিরোধে আর্থ-সামাজিক কারণ ও নীতিগত দুর্বলতা চিহ্নিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে “Research Findings Validation Workshop” শীর্ষক একটি গবেষণা ফলাফল যাচাইকরণ কর্মশালা।
রোববার (২৬ এপ্রিল) খাগড়াছড়ি জেলা সদরের তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস)-এর আশীষ হলরুমে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর আওতায় এ কর্মশালার আয়োজন করে তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রজেক্ট।
কর্মশালাটি সুইজারল্যান্ড, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় বাস্তবায়িত হয়।
কর্মশালায় গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন করা হয়, যেখানে পার্বত্য অঞ্চলে মানবপাচারের পেছনের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অবস্থা, পাচারকারী চক্রের কৌশল এবং বিদ্যমান নীতিমালার সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থান, সীমিত কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। তারা মানবপাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, গবেষণাভিত্তিক এ ধরনের উদ্যোগ মানবপাচার প্রতিরোধে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, কনসালট্যান্ট মো. জাহেদ হাসান, আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী কর্মকর্তা মথুরা বিকাশ ত্রিপুরা, এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ানসহ উন্নয়নকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন অংশীজন।
অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত উদ্যোগ ও গবেষণাভিত্তিক কার্যক্রম পার্বত্য চট্টগ্রামে মানবপাচার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি নিরাপদ ও সচেতন সমাজ গঠনে সহায়তা করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।