দুর্যোগে বিভেদ নয়, মানবতার সেবায় ঐক্যের আহ্বান
![]()
নিউজ ডেস্ক
বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস উপলক্ষে বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। বৃহস্পতিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন রেড ক্রিসেন্ট কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ সহায়তার আশায় প্রথমেই স্বেচ্ছাসেবকদের দিকেই তাকিয়ে থাকে।
অধ্যাপক থানজামা লুসাই আরও বলেন, মানবতার সেবার ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টি করা যাবে না। সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মোমেন চৌধুরী, ইউনিট অফিসার আসাদুল হায়দার, বান্দরবান আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
পরে দিবসটি উপলক্ষে বান্দরবান শহরের প্রধান সড়কে মানববন্ধন ও মানবচেইন কর্মসূচি পালন করেন শতাধিক যুব ইউনিট সদস্য। এসময় তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, মানবিক সহায়তা কার্যক্রম জোরদার এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মানবতা, নিরপেক্ষতা ও স্বেচ্ছাসেবার আদর্শকে সামনে রেখে প্রতি বছর ৮ মে বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালিত হয়। বাংলাদেশের বিভিন্ন জেলার মতো পার্বত্য জেলা বান্দরবানেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।