বরকলে ২২ লাখ টাকার ভারতীয় সিগারেট ও মোটরসাইকেল জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় সিগারেট ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)। বুধবার (৬ মে) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, রাজনগর ব্যাটালিয়নের অধীনস্থ বদিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমবাগান নামক স্থান দিয়ে চোরাকারবারীরা দুটি মোটরসাইকেলে করে ভারতীয় সিগারেট পাচারের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
পরে জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ নেওয়াজ তাসকিনের নির্দেশনায় নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বদিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় টহল দল বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও দুটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা।
এদিকে জব্দকৃত সিগারেট ও মোটরসাইকেল রামগড় শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল শাহ নেওয়াজ তাসকিন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে কোনো পণ্য যেন চোরাই পথে দেশে প্রবেশ ও বাজারজাত করা না যায়, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।