মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হচ্ছে কথা। হঠাৎ করেই এক মুহূর্তে সব থেমে গেল। স্ক্রিনগুলো বন্ধ, লেনদেন বন্ধ, যোগাযোগ বন্ধ। কেউই বুঝতে পারছে না কী হয়েছে। আপনি ভাবছেন, এমনটা হঠাৎ হলো কীভাবে? এই ধরনের কাল্পনিক দৃশ্য যদি বাস্তবে ঘটে, তাহলে তা সহজে মেনে নেয়া কারও পক্ষেই সম্ভব নয়। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ‘এই পরিস্থিতি এখন আর শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি চলে এসেছে’।
কারণ ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে এবার আলোচনায় এসেছে বিশ্বের ডিজিটাল লাইফলাইন-সাবমেরিন ইন্টারনেট ক্যাবল। সমুদ্রের নিচে থাকা এই ফাইবার অপটিক ক্যাবল, যা আমাদের পুরো ডিজিটাল পৃথিবীকে যুক্ত রাখে, তা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে থমকে যেতে পারে গোটা বিশ্ব। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে-“জ্বালানির পর এবার কি টার্গেট হতে পারে ইন্টারনেট”?
কেন হরমুজ ও লোহিত সাগর কেন এত গুরুত্বপূর্ণ?
বিশ্বের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা এখন আর শুধু স্থলভাগের ওপর নির্ভরশীল নয়। এর বড় একটি অংশ নির্ভর করে সমুদ্রের নিচে বিছানো ফাইবার-অপটিক ক্যাবলের ওপরও । আর এই ক্যাবলগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালি এবং লোহিত সাগর। এই দুটি অঞ্চলকে বলা হয় “চোকপয়েন্ট” অর্থাৎ এমন সংকীর্ণ সামুদ্রিক পথ, যেখান দিয়ে বিশ্বব্যাপী ডেটা প্রবাহের গুরুত্বপূর্ণ অংশ অতিক্রম করে।
লোহিত সাগর দিয়ে প্রায় ১৫–২০টি সাবমেরিন কেবল গেছে, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকাকে যুক্ত করে। অন্যদিকে হরমুজ প্রণালি দিয়ে গালফ অঞ্চলের গুরুত্বপূর্ণ ক্যাবল রুটগুলো প্রবাহিত হয়, যা মধ্যপ্রাচ্যকে বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রাখে।
ই কেবল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রয়েছে বিশ্বের বহু দেশ
- ইউরোপের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন।
- এশিয়ার মধ্যে যুক্ত রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং চীন (আংশিক রুটে)।
- আফ্রিকার মধ্যে রয়েছে মিশর, সুদান, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
এই কেবলগুলোই আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক, ক্লাউড সেবা, ভিডিও কল, ব্যাংকিং লেনদেন এবং এআই সেবার মূল ভিত্তি বহন করে। ফলে হরমুজ প্রণালি এবং লোহিত সাগর শুধু জ্বালানি পরিবহনের পথ নয়। এগুলো এখন বৈশ্বিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থারও সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন।সাবমেরিন কেবল: কী এবং কেন এত গুরুত্বপূর্ণ?
বিশ্বের প্রায় ৯৫ শতাংশ আন্তর্জাতিক ডেটা আদান-প্রদান হয় সমুদ্রের তলায় বসানো ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে।
এই ক্যাবলগুলিই বহন করে
- ভিডিও কল
- ই-মেইল
- অনলাইন ব্যাংকিং
- সোশ্যাল মিডিয়া
- ক্লাউড ও এআই পরিষেবা
অর্থাৎ, এগুলোই হলো বৈশ্বিক ডিজিটাল যোগাযোগের “লাইফলাইন”।
বর্তমান ঝুঁকি কোথায়?
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাবমেরিন ইন্টারনেট কেবল এবং সমুদ্রপথগুলো একাধিক ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এই ঝুঁকিকে আরও জটিল করে তুলেছে।
প্রথমত, সামরিক সংঘাত একটি বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র-এই তিন শক্তির মধ্যে চলমান উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থির করে তুলেছে। এর প্রভাব শুধু স্থল বা আকাশে নয়, বরং সমুদ্রপথ এবং সমুদ্রের নিচের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোর ওপরও পড়ছে।
দ্বিতীয়ত, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির হুমকি পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। হুতি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ বাব-এল মান্দেব প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। এই পথটি লোহিত সাগর ও আন্তর্জাতিক বাণিজ্য এবং ডেটা প্রবাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগপথ।
তৃতীয়ত, সমুদ্রপথে সরাসরি নিরাপত্তা ঝুঁকি দেখা দিচ্ছে। কোথাও কোথাও সমুদ্রের নিচে মাইন পাতা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তাজনিত কারণে সাবমেরিন কেবল মেরামতের জন্য প্রয়োজনীয় জাহাজগুলো সহজে প্রবেশ করতে পারছে না। ফলে কোনো কেবল ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত মেরামত করা সম্ভব হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।
কেবল কাটা হলে কী হতে পারে?
যদি ইচ্ছাকৃতভাবে বা দুর্ঘটনাবশত সমুদ্রের নিচের সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার প্রভাব শুধু একটি দেশ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকে না—বরং তা বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়ে।
কেবল ক্ষতিগ্রস্ত হলে প্রথমেই ইন্টারনেট অবকাঠামোতে বড় ধাক্কা লাগে। অনেক ক্ষেত্রে ইন্টারনেট ধীর হয়ে যায় বা আংশিকভাবে বন্ধ হয়ে পড়ে। আন্তর্জাতিক কল, ভিডিও যোগাযোগ এবং ডেটা ট্রাফিকে বড় ধরনের বিঘ্ন ঘটে। একই সঙ্গে ক্লাউড সার্ভিস। যার ওপর আজকের প্রায় সব ডিজিটাল সেবা নির্ভরশীল—সেখানেও সমস্যা দেখা দেয়।
অর্থনৈতিক প্রভাব
এই ধরনের ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়ে অর্থনীতিতে। ব্যাংকিং লেনদেন ধীর বা ব্যহত হতে পারে, স্টক মার্কেট অস্থির হয়ে পড়ে এবং অনলাইন বাণিজ্য বা ই-কমার্স কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। বৈশ্বিক আর্থিক লেনদেনের গতি কমে গেলে তার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিতে পড়ে।
জরুরি পরিষেবা
ইন্টারনেট নির্ভর জরুরি পরিষেবাগুলোও ঝুঁকির মুখে পড়ে। হাসপাতাল,জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন এআই ভিত্তিক ডেটা সিস্টেম সাময়িকভাবে বন্ধ বা ব্যাহত হওয়ার ঝুঁকিতে থাকে। এতে মানবিক ও প্রশাসনিক উভয় দিকেই সমস্যা তৈরি হতে পারে।
আগে কি এমন হয়েছে?
২০২৪ সালে ইসরাইল-হামাস চলাকালে লোহিত সাগর অঞ্চলে কয়েকটি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে ইন্টারনেট গতি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগে।
কেন মেরামত এত কঠিন?
এই কেবলগুলো মেরামত করা সহজ নয়। কারণ
- যুদ্ধক্ষেত্র বা উত্তেজনাপূর্ণ অঞ্চলে মেরামত জাহাজ প্রবেশ করতে পারে না
- নিরাপত্তা ঝুঁকি অত্যন্ত বেশি থাকে
- অনেক কেবল সমুদ্রের অগভীর অংশে থাকে, বিশেষ করে হরমুজ অঞ্চলে, ফলে সেগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে
কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?
প্রথম ধাক্কা লাগে গালফ অঞ্চলের দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ডেটা সেন্টারগুলোর ওপর। এরপর ধীরে ধীরে প্রভাব পড়ে
- ভারতের ইন্টারনেট স্পিডে
- ইউরোপ ও এশিয়ার ডেটা সংযোগে বিলম্বে
- বৈশ্বিক ইন্টারনেট ট্রাফিক রিরাউট হওয়ায় ল্যাটেন্সি বেড়ে যায়
বড় টেক কোম্পানির ঝুঁকি
গুগল, মাইক্রোসফট এবং আমাজন এই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গালফ অঞ্চলে ডেটা সেন্টার স্থাপন করেছে। এসব সেন্টারের সংযোগ ও কার্যক্রম অনেকাংশেই সাবমেরিন কেবলের ওপর নির্ভরশীল।
তাহলে কি সত্যিই ইন্টারনেট টার্গেট হতে পারে?
সরাসরি কেবল টার্গেট করার স্পষ্ট প্রমাণ এখনও নেই। তবে বিশ্লেষকদের মতে
- কৌশলগতভাবে এটি সম্ভব
- ভবিষ্যতে সংঘাতের “নতুন ফ্রন্ট” হতে পারে
- ঝুঁকি এখন বাস্তব এবং উচ্চমাত্রায় বিদ্যমান
সব মিলিয়ে বলা যায়
সাবমেরিন কেবল হলো বৈশ্বিক ইন্টারনেটের মেরুদণ্ড, হরমুজ প্রণালি, লোহিত সাগর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ চোকপয়েন্ট, আর বর্তমান সংঘাত পরিস্থিতি এই কেবল নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে। ফলে কেবল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শুধু ইন্টারনেট নয়। বরং পুরো বিশ্ব অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার ওপরই পড়তে পারে।