নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির মানবিক উদ্যোগ: ফ্রি চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের বাহিরমাঠ সীমান্ত এলাকায় পাঁচ শতাধিক সেবাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং বৃক্ষচারা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ১১ বিজিবি ব্যাটালিয়ন।
সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং তাদের মৌলিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় বিজিবির ব্যবস্থাপনায় লেবুছড়ি বিওপি দায়িত্বপূর্ণ বাহিরমাঠ এলাকায় একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০০ জন দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
এছাড়া লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ১০১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলার উপকরণ এবং পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. ফয়েজুল করিম। তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণসহ প্রায় ৫০০ মানুষের মাঝে খাবারও বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।