সাজেকে আধাবেলা অবরোধ: দুই সশস্ত্র গ্রুপের দ্বন্দ্বে ভোগান্তিতে সাধারণ মানুষ ও পর্যটক
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির সাজেক এলাকায় ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে ডাকা আধাবেলা অবরোধে বন্ধ রয়েছে যান চলাচল। সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।
সকাল থেকেই সাজেক সড়কের গঙ্গারাম সেতুর ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পিকেটাররা। এতে দীঘিনালা-সাজেক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
গত শনিবার (৯ মে) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সদস্য হেগেরা চাকমা (তরুণ)কে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচি ঘোষণা করে ইউপিডিএফ।
তবে হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফের আরেকটি অংশকে দায়ী করা হলেও সংশ্লিষ্ট সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, ঘটনাটি মূলত পার্বত্য অঞ্চলে সক্রিয় দুই সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারের সংঘর্ষের অংশ। দীর্ঘদিন ধরে এসব গোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা চলমান রয়েছে।
এই সংঘাতের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে এবং পর্যটননির্ভর সাজেক এলাকায় ভ্রমণকারীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে পাহাড়ে বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা আরও অনিশ্চিত হয়ে পড়বে। তারা দ্রুত এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।