আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ বলায় ক্ষুব্ধ তেহরান, ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার খসড়া
![]()
জার্নাল ডেস্ক
ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ব্রিটিশ সিদ্ধান্তের জবাবে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার লক্ষ্যে একটি বিলের খসড়া তৈরি করেছে ইরানের সংসদ।
ইরানের আইনপ্রণেতা হোসেইন আলী হাজিদেলিগানি বুধবার তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ব্রিটিশ সরকার কর্তৃক আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সংক্রান্ত আইন’ শিরোনামের খসড়া বিলটি সংসদের সভাপতি বোর্ডের কাছে জমা দেওয়া হয়েছে।
হাজিদেলিগানি জানান, প্রস্তাবিত বিলটিতে ১১টি ধারা রয়েছে। ব্রিটিশ সরকারের তথাকথিত সন্ত্রাসী তালিকায় আইআরজিসিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের জবাব দিতেই বিলটি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, ব্রিটিশ সরকার যদি আইআরজিসির বিরুদ্ধে এমন ‘ভুল হিসাবের’ পদক্ষেপ নেয়, তাহলে বিলটি দ্রুত পাস করার উদ্যোগ নেয়া হবে। তাঁর ভাষায়, এমন পদক্ষেপ নেয়া হলে ‘এই অঞ্চলে শান্তি আসবে না’।
ইরানি এই আইনপ্রণেতা আরও জানান, বিলটির খসড়া ইতোমধ্যে সংসদের সরকারি ব্যবস্থায় আপলোড করা হয়েছে। প্রয়োজন হলে এটি আনুষ্ঠানিক আইন প্রণয়ন প্রক্রিয়ায় নেওয়া হবে।
এর আগে আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার ব্রিটিশ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান এই সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে আখ্যায়িত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরজিসি দেশটির আনুষ্ঠানিক সশস্ত্র বাহিনীর একটি অবিচ্ছেদ্য অংশ। জাতীয় স্বাধীনতা, ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় এটি ইরানি সেনাবাহিনীর পাশাপাশি কাজ করে।
মন্ত্রণালয়টি জঙ্গিগোষ্ঠী দায়েশ বা ইসলামিক স্টেটের (আইএসআইএল/আইএসআইএস) বিরুদ্ধে লড়াইয়ে আইআরজিসির ভূমিকার কথাও তুলে ধরে। একই সঙ্গে ব্রিটিশ সিদ্ধান্তের জবাবে পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার তেহরানের রয়েছে বলে সতর্ক করেছে ইরান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।