রুমায় অসহায় বৃদ্ধা স্বজরুং ত্রিপুরার পাশে দাঁড়ালেন ইউএনও - Southeast Asia Journal

রুমায় অসহায় বৃদ্ধা স্বজরুং ত্রিপুরার পাশে দাঁড়ালেন ইউএনও

রুমায় অসহায় বৃদ্ধা স্বজরুং ত্রিপুরার পাশে দাঁড়ালেন ইউএনও
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় অসহায় এক বৃদ্ধ মহিলার পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ঘটে যাওয়া এই মানবিক ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, স্বজরুং ত্রিপুরা নামের ওই বৃদ্ধা হাতে একটি আবেদনপত্র নিয়ে ইউএনও কার্যালয়ের বারান্দায় বসে ছিলেন। বাংলা ভাষায় সাবলীল না হওয়ায় তিনি নিজের সমস্যার কথা স্পষ্টভাবে জানাতে পারছিলেন না। তবে তার অসহায় দৃষ্টি ও আবেদনপত্র দেখে বিষয়টি নজরে আসে ইউএনও লিজা আক্তার বিথীর। অফিস থেকে বের হওয়ার সময় বৃদ্ধা দুই হাত জোড় করে তাকে প্রণাম জানান এবং আবেদনপত্রটি তুলে ধরেন।

পরিস্থিতি বুঝতে পেরে ইউএনও তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে ডেকে নিয়ে তাৎক্ষণিকভাবে তার হাতে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ডাল, মরিচ, হলুদসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা। চোখের জল ধরে রাখতে না পেরে তিনি ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করেন।

রুমায় অসহায় বৃদ্ধা স্বজরুং ত্রিপুরার পাশে দাঁড়ালেন ইউএনও

এ সময় ইউএনও লিজা আক্তার বিথী বলেন, “এই মুহূর্তে আমার কাছে কোনো প্রকল্পের বাজেট বা সরকারি বরাদ্দ নেই। তাই তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে সরকারি কোনো সহায়তা এলে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বজরুং ত্রিপুরা তার বৃদ্ধ স্বামীকে নিয়ে দীর্ঘদিন ধরে রুমা উপজেলার গ্যারেশন রয়েল পাড়ায় বসবাস করছেন। তাদের কোনো সন্তান নেই। জীবিকা নির্বাহের জন্য তারা বনজ পণ্য সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। কিন্তু বয়সের ভারে ন্যুব্জ স্বামী বর্তমানে কর্মক্ষম নন। ফলে তাদের সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, দুর্গম পার্বত্য এলাকায় সরকারি সেবার সুযোগ সীমিত থাকায় এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কাছে বড় সহায়তা হিসেবে দেখা দেয়। ইউএনও’র এই পদক্ষেপ শুধু একটি পরিবারের পাশে দাঁড়ানোই নয়, বরং প্রশাসনের মানবিক মুখও তুলে ধরেছে।

এদিকে, অসহায় এই বৃদ্ধ দম্পতি সরকারের বিশেষ সহায়তা ও স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয়দেরও প্রত্যাশা, প্রশাসনের উচ্চপর্যায়ের নজরে এনে তাদের জন্য টেকসই সহায়তার ব্যবস্থা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *