চাঁপাইনবাবগঞ্জে ভুয়া সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, পরে গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারী সেলিম সরকার (৫০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৬ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শহরের বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সেলিম সরকার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আজিজার রহমান সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বিশ্বরোড মোড় এলাকায় অবস্থানকালে সেলিম সরকার নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন “ওয়ারেন্ট অফিসার” হিসেবে পরিচয় দেন। তবে তার কথাবার্তা, আচরণ ও চলাফেরায় স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হলে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর দুটি ভুয়া নেমপ্লেট ব্যাজ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সেলিম সরকার দীর্ঘদিন ধরে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণা চালিয়ে আসছিলেন।
তিনি আরও জানান, এটি তার প্রথম অপরাধ নয়। এর আগেও ২০১১ সালে বগুড়া সদর থানায় একই ধরনের প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।
ওসি বলেন, “তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।