ঈদে বান্দরবানে নিরাপদ ভ্রমণে জেলা প্রশাসনের বিশেষ নির্দেশনা
![]()
নিউজ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। পর্যটনকেন্দ্রিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্গম পাহাড়ি এলাকার ঝুঁকি বিবেচনায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের অবশ্যই সন্ধ্যার পূর্বেই জেলা ও উপজেলা সদর এলাকায় ফিরে আসা নিশ্চিত করতে হবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকাগুলোতে রাত্রীকালীন অবস্থান বা চলাচল নিরুৎসাহিত করা হয়েছে।
এছাড়া অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট কিংবা নির্ধারিত অনুমতি ছাড়া কোনো রুটে পর্যটকদের ভ্রমণ না করার বিষয়টি নিশ্চিত করতে ট্যুর গাইড, ট্যুর অপারেটর এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশি পর্যটকদের ক্ষেত্রেও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, কার্যক্রম বা পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে বান্দরবানে পর্যটকের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতেই এ নির্দেশনাসমূহ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর ঈদ ও দীর্ঘ ছুটিতে বান্দরবানে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটে। তবে দুর্গম পাহাড়ি এলাকা, সীমান্তসংলগ্ন অঞ্চল এবং নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয় বিবেচনায় প্রশাসন প্রতি বছরই পর্যটকদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।